অবিরাম বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের ফলে সীমান্তবর্তী নদ-নদীতে পাহাড়ি ঢল নেমেছে। এর প্রভাবে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে।
পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রে গড়ে ওঠা ভাসমান দোকানপাটও ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সামগ্রী আবার প্রবল স্রোতে ভেসেও গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও এবারও পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পর্যটনকেন্দ্রে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে কোনো নৌকা চলাচল করতে দেওয়া হয়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
/এসএন