• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম


টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৬:২৮ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল গনি মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার নয়া কচুয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবদুল গনি মিয়া ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান আবদুল গনি মিয়া। ঘাস কাটার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল গনি মিয়ার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় নিহতের পরিবারে গভীর শোক বিরাজ করছে।

/এএসএফ