• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:০১ এএম


পঞ্চগড়ে চাকুরী মেলা, ১৪ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজলেন ২৫০ তরুণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১০:৪১ পিএম

কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তির সঙ্গে চাকুরীদাতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে চাকুরী মেলা-২০২৬।

শনিবার (১৩ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় জেলার বিভিন্ন খাতের ১৪টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে প্রায় ২৫০ জন চাকুরীপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শঈমী ইমতিয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান খান বাবলা এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) গৌরাঙ্গনাথ রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শঈমী ইমতিয়াজ বলেন, কারিগরি শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, কর্মসংস্থান সৃষ্টির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে এ ধরনের চাকুরী মেলার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মতিন ডালি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা এমন আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎকারের সুযোগ কর্মসংস্থানের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

/এএসএফ