বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।
সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভাগের সদস্যরা গভীর আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিআইডি পরিবার।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তার নেতৃত্ব, দূরদর্শিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হবে বলে বিভাগের সদস্যরা প্রত্যাশা করছেন।
ডিআইজি আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তিনি কাজ করেছেন।
এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
সিআইডির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থাটির কার্যক্রম পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
/এসএন