• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম


‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ জুন ২০২৬ ২:২৬ পিএম

পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এক রাজনৈতিক বক্তব্যে নিজের রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

রোববার (৩১ মে) গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে তাকে এসব কথা বলতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গও টানেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করেনাই, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারেনাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’

তিনি দাবি করেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। তার মতে, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে উন্নয়নের সুফলও জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় না।

বক্তব্যে নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

পরে তিনি আরও বলেন, ‘উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

ভিডিওতে দেওয়া এসব বক্তব্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

/এসএন