বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশগ্রহণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত দুই নেতা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম (মিঠু) এবং সাধারণ সম্পাদক মাহবুর আলম।
আজ রোববার জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। তবে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই দিন কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নাম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে তাঁরা অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন। এসব কর্মকাণ্ডকে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম সংগঠনের জন্য ক্ষতিকর বলেও অভিহিত করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে বহিষ্কৃত দুই নেতার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় কর্মসূচিতে অংশ নেননি। উল্টো তাঁরা ওই দিন কনসার্ট করে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন। তাঁরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও জেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়েছেন। এ কারণে জয়পুরহাটের তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’