• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম


‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’—শটগানের লাইসেন্স চেয়ে আবেদন বরগুনার বাবার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১১:২২ পিএম

দেশজুড়ে একের পর এক শিশু নির্যাতনের ঘটনায় নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বরগুনার এক বাবা। মেয়ের সুরক্ষার জন্য নিজের কাছে অস্ত্র রাখার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে শটগানের লাইসেন্সের আবেদন করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যতিক্রমী আবেদন জমা দেন বরগুনার আমতলী থানার বাসিন্দা মাসুদুল ইসলাম।

আবেদনপত্রে মাসুদুল ইসলাম দেশের বর্তমান পরিস্থিতি এবং সন্তানের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমার একজন কন্যা সন্তান আছে, যার বয়স ৪ বছর। কিছু বছর যাবৎ শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি আবেদনে আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করব না। আমার নিষ্পাপ সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই বিধায় বৈধ উপায়ে একটি শটগান একান্ত প্রয়োজন।’

সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিবেচনায় জননিরাপত্তা বিভাগের মাধ্যমে দ্রুত একটি শটগান বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মাসুদুল ইসলাম।