• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ এএম


ঈদযাত্রার শুরুতে ৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:০৯ পিএম

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার (২৩ মে) ছিল ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। একই সঙ্গে সড়ক ও নৌপথেও বাড়ির পথে রওনা হয়েছেন হাজারো মানুষ।

ঈদকে সামনে রেখে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, কুষ্টিয়ায় চারজন, দিনাজপুরে তিনজন, যশোরে তিনজন, ফরিদপুরে একজন এবং গাজীপুরে একজন নিহত হয়েছেন।

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাস খাদে পড়ে গিয়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থানার শিমুলিয়া এলাকার শিয়ালডাঙ্গি দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত কয়েকজনকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানোর পথে এক নারী মারা যান।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫) এবং খোকসা উপজেলার কমলাপুর গ্রামের জুনায়েদ আহাম্মেদের ছেলে নাবিল (২৮)। বাকি দুই নিহত পুরুষের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, আহত ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হোসান জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা ছয়জনের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে একটি চার বছরের শিশু রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০)।

আহতরা হলেন চার বছর বয়সী শিশু সৌভিক সাহা ও মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহা মারা যান।

পরে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনোর আলীর মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ফরিদপুরে বাসের চাকায় পিষ্ট পথচারী

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় দূরপাল্লার বাসের চাপায় মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা এবং আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আর. করিম জানান, চলন্ত একটি ট্রাকের পেছনে মালবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। পরে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে আবার ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে পিকআপের ভেতরে থাকা চালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, নিহতের মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।