• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩ এপ্রিল ২০২৬ ১২:১৫ পিএম

রাজধানীর কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত ‘নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরি’ একটি ব্যতিক্রমী কর্মসংস্থান উদ্যোগ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান জোরদার করতে তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য মাসিক ১৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি থাকা ও এক বেলার খাবারের সুবিধা থাকবে। বছরে দুটি বোনাস, সাপ্তাহিক একদিন ছুটি এবং প্রয়োজন অনুযায়ী মাসে সর্বোচ্চ পাঁচ দিন একসঙ্গে ছুটি নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

প্রতিদিন ১০ ঘণ্টার কর্মঘণ্টার মধ্যে এক ঘণ্টা বিশ্রাম এবং নামাজের জন্য আলাদা বিরতির ব্যবস্থা থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনা প্রকৌশলীদের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে চীনে কাজের সুযোগও পেতে পারেন কর্মীরা। আগ্রহীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে ঢাকার চকবাজারে অবস্থিত নবীন বাংলাদেশের শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির সেলস কর্মকর্তা আব্দুল রহমান জানান, ইতোমধ্যে ১২০টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে কাজের সুযোগ করে দেওয়া।