ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানির অভিযোগে দুই টিকটকার বা কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে। অন্যদিকে রাসেল ইসলাম তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘টিকটক বন্ধু মিলন মেলা–২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের একটি স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কয়েকজন টিকটকার। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।
এ সময় পার্কে বেড়াতে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে বিকেল ৩টার দিকে অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক ঘিরে ধরে নানা ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এতে বিদেশি নাগরিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
পরে ঘটনার ভিডিও আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, এক কনটেন্ট ক্রিয়েটর বিদেশি দুই নাগরিককে ঘিরে অশোভন আচরণ করছেন। তাকে বলতে শোনা যায়, “তুমি পর্ন স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না”— এমন মন্তব্যে বিদেশি নাগরিকরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন।
এ ঘটনায় লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুই টিকটকারকে গ্রেপ্তার করে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এর ফলে দেশের পর্যটনকেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের আগমন কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেটিজেনরা।