কক্সবাজার-এর রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) ভোর ৬টার দিকে উপজেলার ধলিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আমির হোসেন (কালাবশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।
অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি এবং ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রামু থানা-এর ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
/এএসএফ