• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম


পে স্কেলের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ৭:২৯ পিএম

আসন্ন বাজেটকে সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দ্রুত গেজেট প্রকাশের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কর্মচারীদের যে দাবি-দাওয়া রয়েছে, তা সরকারের দৃষ্টিতে আনার জন্য গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মে মাসজুড়ে এই কর্মসূচির অংশ হিসেবে ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এরপর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটি জানায়, গত ১১ বছরে দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও কর্মচারীরা একটি পে স্কেলও পাননি। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরমভাবে বিপাকে পড়েছেন। অনেকেই ঋণের বোঝা নিয়ে দিন পার করছেন।

তাদের অভিযোগ, মাস শেষে ঋণ পরিশোধের পর যে বেতন হাতে থাকে, তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে তারা আবারও ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন এবং আর্থিক সংকট আরও বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না থাকলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘ঋণ করে যদি সব কাজ চলে, তাহলে ২২ লাখ কর্মচারীর ৪৪ লাখ হাত সরকারের উন্নয়নে কাজ করে—সে মানুষগুলোর ভাগ্য উন্নয়নে আরও কিছুটা ঋণী হলে ক্ষতি কী?’

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে সরকার ২২ লাখ পরিবারের মুখে হাসি ফোটাবে। এ লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।

/এসএন