• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম


শ্রমিকের আত্মত্যাগ স্মরণে আজ আন্তর্জাতিক মে দিবস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ মে ২০২৬ ১১:৪৬ এএম

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস আজ। শ্রমিকের শ্রম ও ঘামে গড়ে ওঠা সভ্যতার এই অগ্রযাত্রায় তাদের অবদান স্মরণ এবং সম্মান জানানোর মধ্য দিয়ে দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমের ন্যায্য মূল্য এবং দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। সেদিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের ফলেই পরবর্তীতে আট ঘণ্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠা পায়। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর ১ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘মহান মে দিবস’।বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম বিশেষ লেখা ও অনুষ্ঠান প্রচার করছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ জাতীয় ছুটির দিন হিসেবে মে দিবস পালিত হচ্ছে; আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে উদযাপিত হয়।মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শ্রম ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের ও বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এবারের প্রতিপাদ্য সময়োপযোগী এবং শ্রমিক কল্যাণে সচেতনতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। আট ঘণ্টা কর্মদিবস প্রতিষ্ঠা এবং শ্রমের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হয়েছে। যদিও শ্রেণি-বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি, তবু মে দিবসের আত্মত্যাগ শ্রমজীবী মানুষকে অনেকটাই মুক্তি ও অধিকার সচেতনতার পথে এগিয়ে দিয়েছে।