• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম


নোয়াখালীর কবিরহাটে ট্রাক্টর-ভ্যান সংঘ/র্ষে নি’হ’ত ১, আহ’ত ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৩:০৫ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহব্বত মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চাপরাশিরহাট-চরআলগী সড়কের হালিমের মোকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত মিয়া সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতসহ কয়েকজন শ্রমিক ধান মাড়াইয়ের একটি মেশিন নিয়ে সকালে কাজ করতে ওই এলাকায় যান। দুপুরে কাজ শেষে চরআলগী বাজারের দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা গাছবাহী ট্রাক্টরের সঙ্গে তাঁদের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কের পাশে উল্টে যায় এবং মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মহব্বত।

আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে কবিরহাট থানার উপপরিদর্শক আনিছ আল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।