• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম


মন্ত্রী টুকুকে নিয়ে মন্তব্য, এমপি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ৯:২৫ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)কে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী হামিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বাদী এস এম নাজমুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা তাঁর মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এ কারণেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

জানা গেছে, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ওই বক্তব্যকে কেন্দ্র করে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাঁকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।

পরবর্তীতে তাঁর এ মন্তব্য একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।