• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


মোদির নাম ট্রাম্পের পোস্টে রাখতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করত ভারত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:১৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম অন্তর্ভুক্ত রাখতে প্রতি মাসে ৭৫ হাজার ডলার করে ব্যয় করত ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট প্রকাশের উদ্যোগ নিয়েছিল একটি লবিং প্রতিষ্ঠান।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) আওতায় জমা দেওয়া নথিতে ‘মারকারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের লবিং প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফিতে চুক্তি করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য ছিলেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টের আয়োজনও করেছিল এই লবিং প্রতিষ্ঠান। ওই পোস্টে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

এদিকে, ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ নামের আরেকটি প্রতিষ্ঠান মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোনে কথোপকথনের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এসব উদ্যোগকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনা করতেই এসব ফোনালাপের আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে। পরবর্তী সময়ে গত এপ্রিলে চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রতিষ্ঠানটির সঙ্গে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফিতে চুক্তি স্বাক্ষর করেছিল।

নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি মার্কিন সরকার, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা দিয়ে আসছিল।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ফ্যারা আইন অনুযায়ী, বিদেশি গ্রাহকদের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী এজেন্টদের নিয়মিতভাবে তাদের কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য জমা দিতে হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠানটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের বৈঠকের ব্যবস্থা করেছিল।

পরবর্তী সময়ে মার্কো রুবিওর সফর শেষে জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ের, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

/এসএন