• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম


ক্যাটরিনা-ভিকির দীপাবলির ছবিতে প্রথমবার দেখা গেল ছেলে ভিহানকে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:৩৫ পিএম

দীর্ঘদিন ছেলের পরিচয় ও ছবি আড়ালে রাখার পর অবশেষে প্রথমবারের মতো তার মুখ প্রকাশ্যে এনেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলি উপলক্ষে পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তারা। প্রকাশিত ছবিগুলোতেই প্রথমবার দেখা গেছে তাদের ছেলে ভিহানকে।

রোববার (৮ নভেম্বর) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। পোস্টের ক্যাপশনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন এই দম্পতি।

প্রকাশিত ছবিতে উৎসবের সাজে দেখা গেছে ক্যাটরিনা ও ভিকিকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে, ভিকি কৌশল পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছোট্ট ছেলে ভিহান।

ছবিগুলোর একটিতে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় ভিহানকে। বাবা-মায়ের সঙ্গে তার এমন ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। এতদিন ছেলের ব্যক্তিগত জীবন গোপন রেখেছিলেন ক্যাটরিনা ও ভিকি। এমনকি সন্তানের মুখের ছবিও প্রকাশ করেননি তারা। তাই দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছেলের প্রথম ছবি প্রকাশের বিষয়টি ভক্তদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর ২০২৫ সালে তাদের পরিবারে জন্ম নেয় ছেলে ভিহান।

/এসএন