যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন কংগ্রেসে ইরান যুদ্ধের জন্য বরাদ্দ করা সব ধরনের সরকারি তহবিল বা অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বিরোধী ডেমোক্র্যাটদের প্রতি এ আহ্বান জানান তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান ভারমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর, যিনি সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে যুক্ত রয়েছেন।
সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, শুধু কোনো প্রস্তাব বা রেজুলেশন পাস করে এই যুদ্ধ থামানো সম্ভব হবে না। যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হলে এর জন্য বরাদ্দ করা সব ধরনের তহবিল ও অর্থের জোগান বন্ধ করতে হবে। তাঁর মতে, এটিই মূল করণীয়।
চলমান সংঘাতের তীব্র বিরোধিতা করে বর্ষীয়ান এই আইনপ্রণেতা বলেন, মধ্যপ্রাচ্যে পরিচালিত যুদ্ধটি সম্পূর্ণ বেআইনি এবং চরম অসাংবিধানিক।
তিনি দাবি করেন, এই অপ্রয়োজনীয় যুদ্ধের কারণে ইতোমধ্যে ১৯ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। শুধু তা-ই নয়, ইরান ও পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোতে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলার অর্থের অপচয় হয়েছে।
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বার্নি স্যান্ডার্স আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সাধারণ আমেরিকান ভোটাররা ভোটের মাধ্যমে ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার বিষয়ে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছেন।
/এএসএফ