বিশ্বজুড়ে ১৭৫টি দেশে ১৪৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘এ নিউ অ্যাম্বিশন ফর ফ্র্যাজিল অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেটস’ শীর্ষক ভার্চুয়াল অধিবেশনে অংশ নিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
ড. আল রাবিয়াহ জানান, কেএসরিলিফ এখন পর্যন্ত ১১৩টি দেশে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে ৪ হাজারের বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে।
অধিবেশনে তিনি ভঙ্গুর ও প্রান্তিক বাজারগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। তাঁর মতে, এসব অঞ্চলকে কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না রেখে স্থানীয় উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
এই রূপান্তর ত্বরান্বিত করতে তিনটি প্রধান অগ্রাধিকারের কথা তুলে ধরেন তিনি। এগুলো হলো—আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং কোনো বাধা ছাড়াই নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করা; স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে স্থানীয়ভাবে পরিচালিত ত্রাণ কার্যক্রম শক্তিশালী করা; এবং মানবিক সহায়তার ক্রমবর্ধমান আর্থিক ঘাটতি মোকাবিলায় উদ্ভাবনী অর্থায়নের উদ্যোগ নেওয়া।
ড. আল রাবিয়াহ স্পষ্ট করেন, শুধু অনুদানের মাধ্যমে এসব সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ঝুঁকিপ্রবণ ও প্রান্তিক বাজারগুলোতে বিনিয়োগ উৎসাহিত করতে তিনি সরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা এবং বেসরকারি পুঁজি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জরুরি ত্রাণ সহায়তাকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধিতে রূপান্তরের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখে তাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
সূত্র: সৌদি গেজেট
/এএসএফ