• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম


রিয়াদ বিমানবন্দরে হামলার প্রভাব, বাতিল ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রীর ভ্রমণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৯:৪১ পিএম

রিয়াদ বিমানবন্দরে হামলার প্রভাব, বাতিল ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রীর ভ্রমণ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ১৮০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ২৩ হাজার ৮৫ জন যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে।

স্কোয়াড্রন লিডার সাকিব জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন।

এ ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

/এএসএফ