• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম


গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে দুই সদস্যের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৮:১১ পিএম

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে দুই সদস্যের মৃত্যু

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ঢাকায় আসার পথে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী ঘোষণা দেন, অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতিটি পরিবার থেকে উপযুক্ত একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার বিশেষ ঘোষণা দেন তিনি।

এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

/এএসএফ