যুক্তরাষ্ট্রের সূচনা করা সংঘাতের সময় ২৬০টি শত্রু বিমান বা আকাশযান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে অক্ষত অবস্থায় সাতটি এমকিউএম-১৭০ (MQM-170) গোয়েন্দা ড্রোন জব্দ করার কথাও জানিয়েছে সংস্থাটি।
তেহরানের সারচেশমেহ কালচারাল কমপ্লেক্সে অ্যারোস্পেস উইক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব তথ্য জানান।
অনুষ্ঠানে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরে জানানো হয়, দেশটির অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার ভিত্তিতে তৈরি করা হয়। প্রয়োজনীয় অস্ত্র বা যন্ত্রাংশ আমদানির জন্য কোনো বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর করতে হয় না বলেও দাবি করা হয়।
এ সময় আইআরজিসির গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা বা মিসাইল ঘাঁটির বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
ভবিষ্যতে নতুন করে কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে শত্রুপক্ষকে হতবাক করে দেওয়ার মতো নতুন ও অভাবনীয় সামরিক সক্ষমতা ইরানের হাতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির এই কর্মকর্তা।
/এএসএফ