ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান কবির (৩৫) গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক জানান, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনি এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মেহেদী হাসান কবির তাঁর বন্ধু কিশোরগঞ্জের গফরগাঁওয়ের পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পাগলা মসজিদে যান।
নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মেহেদী ও রায়হান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান কবিরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়াকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলেও তখনই তাঁকে মৃত পাওয়া যায়। তাঁর ধারণা, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসএন