• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম


মানিক পশারীর ক’বর তিন নারী একাই খুঁ’ড়েছেন—সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি মি’থ্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ অক্টোবর ২০২৬ ৪:২০ পিএম

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী ও বাদী মানিক পশারীর দাফনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন স্থানীয় গ্রাম পুলিশ ও তাঁর বড় বোন। প্রচার করা হয়েছিল, তিন নারী একাই মানিক পশারীর কবর খুঁড়েছেন। তবে তাঁদের বক্তব্য অনুযায়ী, কবর খোঁড়ার সময় দুই পুরুষও উপস্থিত ছিলেন। পরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কবর খোঁড়ার কাজ শেষ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ মতিউর রহমান ও মানিক পশারীর বড় বোন হাসিনা পশারীর বক্তব্যে এসব তথ্য উঠে আসে।

মানিক পশারীর বড় বোন হাসিনা পশারী জানান, তাঁর ভাইয়ের কবর খোঁড়ার সময় তিন নারীর পাশাপাশি পাশের বাড়ির দুজন পুরুষও উপস্থিত ছিলেন। পরে সেখানে প্রায় ৫০ জন পুলিশ সদস্য আসেন। এরপর তাঁর ভাইকে দাফন করা হয়। দাফনের সময় কেউ কোনো বাধা দেননি বলেও জানান তিনি।

গ্রাম পুলিশ মতিউর রহমানের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মানিক পশারীর বাড়ির কাছে প্রথমবার কবর খোঁড়া হয়েছিল। তবে মাগরিবের পর একদল লোক কবরটি মাটি দিয়ে ভরাট করে দেয়। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুনরায় কবর খোঁড়ার উদ্যোগ নেওয়া হয়।

মতিউর রহমান জানান, কবর খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম আনতে তিনি মানিক পশারীর এক বোনের বাড়িতে যান। সেখানে তিনি তাঁর বোনকে সরঞ্জাম নিয়ে আসতে বলেন। এ সময় ওই নারীসহ আরও দুজন নারী সেখানে উপস্থিত হন। পরে কবর খোঁড়ার জন্য লোকজন খুঁজতে গেলে নারীরা মাটি সরানোর কাজে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ওই সময়ের বলে জানান তিনি।

গ্রাম পুলিশ মতিউর রহমান বলেন, তিনি ও স্থানীয় আরেক ব্যক্তি মিলে কবরটি খুঁড়েছেন। এ কাজে নারীরাও সহযোগিতা করেছেন। ফলে তিন নারী একাই কবর খুঁড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।

তিনি আরও জানান, মানিক পশারীর দাফনের সময় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনজন গ্রাম পুলিশ এবং স্থানীয় দুজন ব্যক্তির সহযোগিতায় দাফন সম্পন্ন হয়। তবে দাফনের সময় আশপাশে কোনো নারীকে দেখেননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

/এসএন