রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে মুহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসার সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, খবর পেয়ে তাঁরা দক্ষিণ বনশ্রীর ওই ভবনের নিচতলায় যান। সেখানে ভাড়াটিয়ার বন্ধ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদ শাহবাজকে উদ্ধার করা হয়।
নিহত শাহবাজের বাড়ি পাকিস্তানের মুলতানের জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তাঁর বাবার নাম নাজির আহমেদ। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন।
/এসএন