• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম


ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ অক্টোবর ২০২৬ ৯:২৯ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছয় ছেলে থাকা সত্ত্বেও তাঁদের কারও ঘরে আশ্রয় না পাওয়ার অভিযোগ উঠেছে ৮৫ বছর বয়সী বৃদ্ধা জয়নব ভানুর। দীর্ঘ এক মাস কুমিল্লায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে ছেলেদের ঘরে ঠাঁই না পেয়ে বাড়ির দরজার সামনে বসে কাঁদতে দেখা যায় তাঁকে। পরে খবর পেয়ে তাঁর মেয়ে ঝর্ণা বেগম মাকে নিজের বাড়িতে নিয়ে যান।ঘটনাটি ঘটেছে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের বাড়িতে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অসুস্থ হয়ে জয়নব ভানু দীর্ঘ এক মাস কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে ছেলেদের ঘরে প্রবেশ করতে না পেরে তিনি বাড়ির দরজার সামনে বসে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সেখানেই অসহায় অবস্থায় অপেক্ষা করেন তিনি।এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে দেখতে পেয়ে খোঁজখবর নেন। তাঁদের কাছে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বৃদ্ধা। স্বামীর ভিটায় একটি কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার আকুতিও জানান তিনি।এ বিষয়ে বৃদ্ধার মেজো ছেলে আবুল কাশেম জানান, তাঁর মা দীর্ঘ এক বছর কোথায় ছিলেন, তা তিনি জানেন না। তবে কয়েকবার মাকে ডেকেছেন বলেও দাবি করেন তিনি।বড় ছেলে শাহজাহানের স্ত্রী জানান, বৃদ্ধা তাঁদের ঘরের দরজার সামনে কয়েক মিনিট বসেছিলেন। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। সেজো ছেলে আনোয়ার হোসেনের স্ত্রীও বলেন, জয়নব ভানু কোথায় ছিলেন এবং কখন বাড়িতে এসেছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।বৃদ্ধার মেয়ে ঝর্ণা বেগম বলেন, ‘ভাইয়ের ঘরের সামনে মায়ের বসে থাকার খবর শুনে আমি ছুটে যাই। ২০ বছর ধরে মায়ের সঙ্গে এমন আচরণ করছেন ভাইয়েরা। তারা চান, মাকে যেন আমার বাড়িতে নিয়ে যাই।’স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের খান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী একসঙ্গে বসে সমাধানের উদ্যোগ নেবেন।জয়নব ভানুর ছয় ছেলের মধ্যে শাহজাহান ও আবুল কাশেম নিজ বাড়িতে বসবাস করেন। বাকি চার ছেলে প্রবাসে রয়েছেন বলে জানা গেছে।এ বিষয়ে চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বেলাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বৃদ্ধ একজন মায়ের সঙ্গে এমন ঘটনা সত্যিই হৃদয়বিদারক। ছেলেদের বিচার হওয়া উচিত।’শেষ পর্যন্ত ছেলেদের ঘরে আশ্রয় না পেয়ে মেয়ে ঝর্ণা বেগমের সঙ্গে তাঁর বাড়িতে চলে যান ৮৫ বছর বয়সী জয়নব ভানু। ছয় ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের এমন অসহায় অবস্থার ঘটনা স্থানীয়দের মধ্যে দুঃখের সৃষ্টি করেছে।

/বিএসএস