বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এবং এর অধীন বিভিন্ন কোম্পানিতে ১৯টি পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।
আবেদন শুরুর আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, স্বাক্ষর ও পরীক্ষার ফি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনপত্র পূরণ থেকে শুরু করে ফি জমা দেওয়া পর্যন্ত কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক অথবা পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি এবং নির্দেশনা ভালোভাবে পড়ে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম নির্বাচন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪১ ক্যাটাগরির পদের জন্য আবেদন ফরমের ব্যবস্থা রয়েছে।
আবেদন ফরমে ব্যক্তিগত ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। যেসব ঘর লাল তারকা চিহ্ন দিয়ে চিহ্নিত, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। প্রার্থীর পরিচয় শনাক্ত করার জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।
আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর পছন্দক্রমও জানাতে হবে। প্রার্থীর মেধাক্রম, পছন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শূন্য পদের প্রাপ্যতা বিবেচনা করে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হবে। তাই পছন্দক্রম নির্ধারণের আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। একবার আবেদন জমা দেওয়া হলে এই ক্রম আর পরিবর্তন করা যাবে না।
ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণের পর নির্ধারিত স্থানে সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল। ছবিটি জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না।
অন্যদিকে স্বাক্ষরের মাপ নির্ধারণ করা হয়েছে ৩০০×৮০ পিক্সেল। এটিও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।
সব তথ্য, ছবি ও স্বাক্ষর যুক্ত করার পর আবেদনপত্রের প্রিভিউ দেখে ভুলত্রুটি যাচাই করতে হবে। সবকিছু ঠিক থাকলে আবেদন জমা দিতে হবে।
আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরসহ ‘Applicant’s Copy’ পাওয়া যাবে। কপিটি ডাউনলোড করে কম্পিউটার বা মুঠোফোনে সংরক্ষণ করতে হবে। চাইলে প্রিন্ট করেও রাখা যাবে। কারণ, এই কপিতে থাকা ইউজার আইডি পরবর্তী ধাপে প্রয়োজন হবে।
আবেদন ফি কত, যেভাবে পরিশোধ করবেন
আবেদনপত্র জমা দিলেই পুরো প্রক্রিয়া শেষ হবে না। নির্ধারিত পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠিয়ে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডের পদের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম এসএমএস পাঠানোর পর ফির পরিমাণ ও পিন নম্বর জানিয়ে একটি ফিরতি বার্তা পাওয়া যাবে। এরপর সেই বার্তার নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় এসএমএস পাঠিয়ে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।
ফি জমা সফল হলে মুঠোফোনে নিশ্চিতকরণ বার্তা আসবে। তবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণ করা হবে না। তাই আবেদন জমা দেওয়ার পর ফি পরিশোধের বিষয়টি নিশ্চিত করা জরুরি।
প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য যেভাবে পাবেন
পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হলে পেট্রোবাংলা ও টেলিটকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য জানানো হবে। পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনেও এসএমএস পাঠানো হবে।
এ কারণে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে এবং নিয়মিত এসএমএস যাচাই করতে হবে, যাতে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ না পড়ে।
আবেদনে সমস্যা হলে যোগাযোগ
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে ০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫ ও ০১৭১৭০০১৩১২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করেও সহায়তা নেওয়া যাবে।
ই-মেইলের মাধ্যমে সহায়তা পেতে যোগাযোগের ঠিকানা: [email protected]।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন এবং নির্ধারিত ফি পরিশোধের কাজ শেষ করতে হবে। আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে সব তথ্য, আপলোড করা ছবি ও স্বাক্ষর সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
/এসএন