রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ নেতাদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।
তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালিয়েছে, যা গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তারা নিষ্ক্রিয় ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জেরে সংশ্লিষ্ট এক শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় গেলে তাকে সহায়তা না করে আটক রাখা হয় বলেও অভিযোগ করা হয়।
এছাড়া পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে হামলার অভিযোগও তুলে ধরা হয়। এসব ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও দাবি জানান, শাহবাগ থানার ভেতরে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সবশেষে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।