এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সব এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে। গ্যাসের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীরা বারবার হয়রানির মুখে পড়ছেন। এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব সিলিন্ডারের দোকান বন্ধ রাখা হবে।
ব্যবসায়ীদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপি গ্যাস সিলিন্ডারের বিপণন জিম্মি হয়ে রয়েছে।
তিনি বলেন, এসব কোম্পানির মাধ্যমে স্বৈরাচারী কায়দায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। ১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, এমনকি ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
দাম ও সরবরাহ নিয়ে অভিযোগের পাশাপাশি ব্যবসায়ীদের দাবি-দাওয়া পূরণ না হওয়ায় দুই দিনের দোকান বন্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
/এএসএফ