• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম


পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে মানবজাতির অস্তিত্ব হুমকিতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ৮:৫৬ পিএম

পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে মানবজাতির অস্তিত্ব হুমকিতে

পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি নতুন প্রতিবেদন। এতে বলা হয়েছে, এমন বিপর্যয় ঘটার আশঙ্কা কম হলেও এসব হুমকির কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিবেদনটিতে আগামী ৭৫ বছরে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে—এমন ১৭টি প্রধান ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি, স্থূলতা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাস।

‘ল্যানসেট কমিশন অন টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকিগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। ফলে এগুলো মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ঝুঁকি কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারগুলোর হাতে এখনো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জৈব অস্ত্র তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার এবং পারমাণবিক সংঘাতের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ আগামী ৭৫ বছরের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি তৈরি করতে পারে।

৩৫ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই কমিশনের প্রতিবেদনটি জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হবে।

প্রতিবেদনে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, ক্ষতিকর জৈব অস্ত্র তৈরির কাজে এআইয়ের অপব্যবহার হতে পারে। এ ধরনের অস্ত্র লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। চরম পরিস্থিতিতে তা মানবজাতির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

কমিশনের সহ-সভাপতি এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক অধ্যাপক ক্রিস্টোফার মুরে বলেন, ‘নেতাদের নেওয়া আজকের সিদ্ধান্তগুলোই পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ও সুস্থতাকে গড়ে তুলবে।’

প্রতিবেদনে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পারমাণবিক সংঘাতের ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে বিপুল পরিমাণ কণা ছড়িয়ে পড়তে পারে। এসব কণা সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এবং খাদ্য উৎপাদন ব্যাহত করতে পারে।

এর ফলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, যা মানুষের টিকে থাকার সক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে।

‘দ্য ল্যানসেট’-এ প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত একটি সম্পাদকীয়তেও এসব হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, ঝুঁকিগুলো বাস্তবে রূপ নিলে মানবজাতিকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

পারমাণবিক যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের পাশাপাশি কমিশন মানবস্বাস্থ্যের জন্য আরও ১৫টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে। এসব ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং সময়োপযোগী সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি

/এএসএফ