রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ডিউটি অফিসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার অভিযোগে তাঁদের আটক করে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানায় রয়েছেন।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা নিয়ে সমালোচনা শুরু হয়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি ওই দেয়ালচিত্রে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিও স্থান পেয়েছে।
গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে। তালিকায় বাংলাদেশের আরও গুণী ব্যক্তিত্বকে রাখা যেত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের এভাবে স্থান দেওয়া হতো কি না, সেই প্রশ্নও ওঠে। এ ছাড়া দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা দেখা দেয়।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি। মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের ফুটপাতে এ কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ স্থাপন করা হয়। পাশাপাশি দেয়ালে গুণী ব্যক্তিত্বদের ছবি দিয়ে গ্রাফিতি আঁকা হয়।
গত সোমবার সকালে ডিএসসিসির এই সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।
ওই গ্রাফিতিতে বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিও রয়েছে। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং অভিনেতা হুমায়ূন ফরীদি।
/এসএন