মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নিয়ে মাত্র একটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের দায়িত্বশীল হওয়ার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
তাৎক্ষণিক সাফল্যের পরিবর্তে আগামী পাঁচ বছরের জন্য অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এ বিষয়ে আমিনুল হক বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করব। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব।’
এ সময় খেলোয়াড়দেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে আসন্ন প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবেন ১২ জন অ্যাথলেট। ডিসিপ্লিনগুলো হলো—আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া।
প্যারা এশিয়ান গেমসকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দলের ৭০ দিনের নিবিড় অনুশীলন সম্পন্ন হয়েছে। এর মধ্যে অ্যাথলেটিকসের চৈতী রাণী এবং আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে ভালো পদকের জোরালো প্রত্যাশা রয়েছে।
শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে ১২ জন অ্যাথলেটের সঙ্গে ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য থাকবেন। এ ছাড়া পাঁচটি খেলার জন্য একজন করে কোচ থাকবেন। সব মিলিয়ে প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশের ৩২ সদস্যের একটি কন্টিনজেন্ট অংশ নেবে।
/এসএন