• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ এএম


অনুশীলনে অনুপস্থিত এমবাপ্পে, বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে যাওয়া নিয়ে অসন্তোষ জানালেন কোচ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ১১:১২ পিএম

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে তৈরি হওয়া আলোচনা আরও জোরালো হয়েছে। স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ফরাসি এই তারকার আচরণ নিয়ে দলের কোচ জোসে মরিনিওর সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তপ্ত কথোপকথন হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনা নিয়ে মাদ্রিদে শুরু হয় সমালোচনা।

স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পের সঙ্গে আলাদাভাবে কথা বলেন মরিনিও। সেখানে কোচ নিজের অসন্তোষের কথা ফরাসি তারকাকে স্পষ্টভাবে জানান বলে দাবি করা হয়েছে। প্রকাশ্যে এমবাপ্পের পাশে থাকলেও দলের অভ্যন্তরে তার এমন আচরণকে তিনি সমর্থন করেন না বলেও জানিয়ে দেন মরিনিও।

চোট কাটিয়ে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। এর ফলে ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের বেঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছিলেন মরিনিও। তখন তিনি বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারেন, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।

/এসএন