যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এনবিসি নিউজ।
পুলিশের তথ্য অনুযায়ী, জামিল লিমনকে সর্বশেষ টাম্পায় তার বাসায় সকাল ৯টার দিকে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান নেই। এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে।
একই দিন সকাল ১০টার দিকে নাহিদা এস বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে দেখা যায়। এরপর থেকে তিনিও নিখোঁজ। পুলিশ তার ঘটনাটিও আলাদাভাবে তদন্ত করছে।
পুলিশ বলছে, তারা একে অপরের বন্ধু এবং একসঙ্গে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারগুলো এই ধারণা মানতে নারাজ। তাদের দাবি, হঠাৎ করে এমনভাবে নিখোঁজ হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।
পরিবারের ভাষ্য অনুযায়ী, লিমন দায়িত্বশীল এবং নিয়ম মেনে চলা মানুষ। অন্যদিকে বৃষ্টিও নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন। নিখোঁজ হওয়ার দিনও তার আচরণ ছিল স্বাভাবিক। এছাড়া জানা গেছে, তাদের মধ্যে আগে সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করেছিলেন, যদিও সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক সম্পর্কে ছিলেন না।