প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে সীমিত বা বন্ধ রয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা।
ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবায় সীমাবদ্ধতা শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো তার আগেই স্বাভাবিক হয়ে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণেই সাময়িকভাবে এ বিঘ্ন দেখা দিয়েছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর সেবা সীমিত করার আগে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানানো হয়নি। ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবেই ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ব্যাংকগুলো এ বিষয়ে আগে থেকে বাংলাদেশ ব্যাংককে অবহিত করেনি।
সাময়িকভাবে বিভিন্ন সেবা সীমিত হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে রয়েছে—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
এ ছাড়া তালিকায় রয়েছে মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
সিস্টেম মাইগ্রেশনের এ সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, সিআরএম ও পিওএস ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসএমএসের মাধ্যমে গ্রাহকদের সাময়িক সেবা বন্ধ থাকার তথ্য জানিয়েছে। জরুরি লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। একই সঙ্গে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবা বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে লেনদেন চালু থাকার কথা বলা হয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের জন্য সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা অস্বাভাবিক নয়। তবে একই সময়ে ৩০টি ব্যাংকের সেবা সীমিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা উত্তোলন, দোকানে কার্ডের মাধ্যমে কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা কিউআর লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ও সেবাভেদে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। এ কারণে যাঁদের জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাঁদের আগেই বিকল্প ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে।
/এসএন