• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম


আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল অর্জন মুনিরার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ১২:১১ এএম

আল-আজহারে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল অর্জন মুনিরারমিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল ডিগ্রি অর্জন করেছেন মুনিরা তাহের আবু তাহের। দীর্ঘ তিন বছরের গবেষণা শেষে সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ (Excellent) গ্রেডে উত্তীর্ণ হয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স ফর ফরেনার স্টুডেন্টস’-এর অধীনে অনুষ্ঠিত থিসিস ডিসকাশন সেমিনারে মুনিরার গবেষণার মূল্যায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে দেশি-বিদেশি শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।মুনিরার গবেষণার বিষয় ছিল তাফসির ও উলুমুল কুরআন। তাঁর থিসিসের শিরোনাম ছিল—‘হুরূফুল মাআনি এবং পবিত্র কুরআনের দ্বিতীয়ার্ধের তাফসিরে এর প্রভাব—সংকলন ও পর্যালোচনা’। দীর্ঘ পর্যালোচনা শেষে সুপারভাইজার প্যানেল তাঁকে সর্বোচ্চ ‘মুমতাজ’ গ্রেড প্রদান করেন।আল-আজহারের হাজার বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল অর্জনের এই মাইলফলক স্পর্শ করা মুনিরা তাহেরের জন্ম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। তাঁর বাবা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদ্রাসা ও ফাতিমা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।নিজ এলাকায় হিফজুল কুরআন সম্পন্ন করার পর দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন মুনিরা। উচ্চশিক্ষার জন্য ২০১০ সালে তিনি মিশরে পাড়ি জমান। দীর্ঘ অ্যাকাডেমিক পথচলায় ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) সম্পন্ন করেন তিনি।এরপর ২০২৩ সালে এমফিলের জন্য রেজিস্ট্রেশন করেন মুনিরা। টানা তিন বছরের গবেষণা শেষে এবার তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন।দীর্ঘদিন ধরে আল-আজহারে অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি মুনিরা তাহের বর্তমানে মিশরের ‘জামইয়্যা সুফারা আল-হিদায়া’-তে কুরআন শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।বিশ্বখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশি নারী গবেষকের এমন অর্জন দেশের শিক্ষার্থী ও অ্যাকাডেমিক মহলে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মুনিরার এই সাফল্য আগামী দিনে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।

সূত্র: সময় টিভি

/বিএসএস