• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম


মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া, স্পষ্ট বার্তা মেদভেদেভের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ৯:১২ এএম

কোনো ধরনের চাপ বা দাবি এলেও মিত্র ইরানকে রাশিয়া কখনোই ছেড়ে যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারত্ব হিসেবে বিবেচনা করে।শনিবার ইরানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মেদভেদেভ।ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষার প্রশ্নে ইরানের জনগণকে তিনি অত্যন্ত ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখেছেন। তেহরানে ইসলামি বিপ্লবের প্রয়াত নেতার শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও তার মনে গভীর ছাপ ফেলেছে বলে জানান তিনি।২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশেই তিনি শোকানুষ্ঠানে যোগ দিতে এবং আয়াতুল্লাহ খামেনেইর প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছিলেন।মেদভেদেভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রয়াত নেতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলেন।’দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও কথা বলেন মেদভেদেভ। তার ভাষ্য, ইরান ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০ শতাংশেরও বেশি বেড়েছে এবং বাহ্যিক চাপের মধ্যেও এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।পারমাণবিক খাতেও ইরান ও রাশিয়ার সহযোগিতা বাড়ছে বলে উল্লেখ করেন মেদভেদেভ। তিনি বলেন, এই সহযোগিতা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেখানে আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর নির্মাণ নিয়েও আলোচনা চলছে।রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের অংশগ্রহণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন মেদভেদেভ। তার মতে, হরমুজ প্রণালি ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ, যার গুরুত্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সমতুল্য।সবশেষে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রুশ এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা কখনোই নষ্ট হতে দেব না—কেউ আমাদের কাছে যা-ই দাবি করুক না কেন।’

/বিএসএস