• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম


‘ভারতীয় বাহিনী নয়, বাংলাদেশের সামরিক বিমানে ভারতে যান শেখ হাসিনা’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ৭:৪০ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে নয়াদিল্লির হাতে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। 

দীনেশ ত্রিবেদী বলেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে ওই সংকটময় পরিস্থিতিতে ভারতের যা করার ছিল, তারা সেটিই করেছে। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটিকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। 

শেখ হাসিনার ভারতে পৌঁছানোর প্রেক্ষাপট তুলে ধরে ভারতীয় হাইকমিশনার জানান, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে বাংলাদেশ ছেড়ে ভারতে পৌঁছান। 

দীনেশ ত্রিবেদী আরও বলেন, শেখ হাসিনা যখন ঢাকা ছাড়েন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত ওই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তিনি বলেন, তাকে অবতরণের অনুমতি না দিলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারত, তা বলা সম্ভব নয়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে একটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সেই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আদালত ও নির্দিষ্ট আইনি কাঠামো জড়িত থাকায় এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা আগাম টাইমফ্রেম দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে একাধিকবার জানিয়েছে যে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই রয়েছে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান। /এসএন