• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম


সালাহউদ্দিন আহমদের সম্পদের উৎস প্রকাশ ও ব্যাংক হিসাব যাচাইয়ের দাবি হাসনাতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ১০:৪৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সম্পদের উৎস ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এমপি-মন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব নিয়মিত যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে এই প্রক্রিয়া সালাহউদ্দিন আহমদকে দিয়ে শুরু করার কথাও বলেন তিনি।

ইত্তেফাকের প্রতিবেদনের বরাত দিয়ে হাসনাত তার পোস্টে সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদের সম্পদের পরিমাণ নিয়ে কয়েকটি হিসাব তুলে ধরেন। তার দাবি, নির্বাচনী হলফনামা অনুযায়ী এই দম্পতির সম্পদের পরিমাণ ২০০৮ সালে ছিল ৬ কোটি ৩০ লাখ টাকা, ২০১৮ সালে ১২ কোটি ৭০ লাখ টাকা এবং ২০২৫ সালে ৩০ কোটি টাকা।

হাসনাতের পোস্টে উল্লেখ করা এই হিসাবের ভিত্তিতে তিনি সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে গুলশানে থাকা সম্পত্তি এবং সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যয় কীভাবে নির্বাহ করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, আয়, উত্তরাধিকার ও বিনিয়োগ—কোন উৎস থেকে কতটা সম্পদ এসেছে, তার যাচাইযোগ্য হিসাব প্রকাশ করা প্রয়োজন।

এদিকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের প্রসঙ্গও নিজের পোস্টে তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্র কারও হিসাব চাইতে পারে। তবে সরকারের সমালোচনা করার পর এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা উদ্বেগের বিষয়।

জনস্বার্থে একইভাবে এমপি-মন্ত্রীদের ব্যাংক হিসাবও যাচাই করা উচিত বলে দাবি করেন তিনি। তার মতে, এই যাচাই প্রক্রিয়া সালাহউদ্দিন আহমদের হিসাব দিয়ে শুরু করা যেতে পারে।

/এসএন