ফুটবল মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি মানবিক উদ্যোগেও যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। গাজার সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় লন্ডনে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।আগামী ২৫ অক্টোবর লন্ডনের হোয়াইটচ্যাপেলে অনুষ্ঠানটির আয়োজন করছে মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টস। এ আয়োজনে হামজা চৌধুরীর স্বাক্ষরিত জার্সিসহ বিভিন্ন ক্রীড়া স্মারক নিলামে তোলা হবে।নিলামে অন্য মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষরিত জার্সি, পদক এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বের দেওয়া স্মারকও থাকবে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা হামজা চৌধুরী ও বিশেষ অতিথিদের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ পাবেন।আয়োজকদের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রি ও নিলাম থেকে সংগৃহীত পুরো অর্থ দাতব্য সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-কে দেওয়া হবে। সংস্থাটি গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রমে কাজ করে।হামজা চৌধুরীর এমন মানবিক উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে উদ্যাপন করেছিলেন তিনি।এবারও নিজের পরিচিতি ও ফুটবল-সংশ্লিষ্ট স্মারককে কাজে লাগিয়ে গাজার সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
/বিএসএস