• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম


৪৯তম বিসিএসের চূড়ান্ত তালিকা নিয়ে ডাকসুর বিক্ষো’ভ কর্মসূচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ২:২৬ পিএম

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় শিক্ষার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ভেরিফিকেশনের নামে রাজনৈতিক উদ্দেশ্যে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। একই ধরনের অনিয়ম প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও হচ্ছে বলে দাবি করেছেন ডাকসু ভিপি।

এসব অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ডাকসু।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, কোনো ধরনের ফৌজদারি অভিযোগ না থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যোগ্য ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বাদ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল চাকরির নিয়োগে কোটা ব্যবস্থাসহ সব ধরনের বৈষম্য দূর করা। কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব নেওয়া সরকারও আগের আমলের মতো রাজনৈতিক দলীয়করণের ধারাবাহিকতা বজায় রাখছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এর ফলে শিক্ষিত তরুণ প্রজন্ম তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, প্রজাতন্ত্রের কর্মে সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা সংবিধানে বলা হলেও বাস্তবে তা অনুসরণ করা হচ্ছে না।

দেশে ব্যাপক বেকারত্বের পরিস্থিতির মধ্যেও নতুন কর্মসংস্থান তৈরির পরিবর্তে দলীয় প্রভাব বলয় গড়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মৌখিক পরীক্ষায় প্রভাব বিস্তার এবং ভাইভার নম্বর বাড়িয়ে মেধার বিকল্প তৈরির চেষ্টা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন ডাকসু ভিপি।

সরকারকে সতর্ক করে সাদিক কায়েম বলেন, ‘নির্লজ্জ দলীয়করণ করতে গিয়ে সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছে না। জনবিচ্ছিন্ন হয়ে মানুষের ক্ষোভ ও ঘৃণা অগ্রাহ্য করলে পরিণতি ভালো হবে না।’

তিনি অবিলম্বে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল পুনর্বিবেচনা করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকা থেকে প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ডাকসু।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এসএন