জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।এর আগে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ বিষয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ এর পরপরই এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি সামনে আসে।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটিতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামটি আলোচনায় আসে।সমিতিটির কার্যক্রমের সঙ্গে বিএনপির স্থানীয় কয়েকজন নেতার যুক্ত থাকার অভিযোগও ওঠে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ওই সমিতির সাধারণ সদস্য বলে জানা গেছে।সমিতির ব্যবস্থাপনা কমিটি থাকলেও অভিযোগ রয়েছে, মূলত তারাই এর কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এলাকায় তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন ফেরদৌসী আহমেদ। কমিশনার থাকাকালে তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতির দায়িত্বেও ছিলেন। তবে বর্তমানে তিনি ওই সমিতির সঙ্গে আর যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।
/বিএসএস