নেপালের মানং জেলার নার ফু অঞ্চলের হিমলুং হিমাল পর্বতে তুষারধসে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এমনকি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না হেলিকপ্টারও।
রোববার (২৭ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিরা সবাই ওই অভিযানের নেপালি সদস্য। তাদের মধ্যে শেরপা, রান্নাঘরের কর্মী এবং অন্যান্য সহায়তাকারী রয়েছেন। বিদেশি পর্বতারোহীরা সেখানে পৌঁছানোর আগেই ক্যাম্প প্রস্তুত করা, পথ পরিষ্কার করা এবং দড়ি বাঁধার মতো কাজ সম্পন্ন করতে নেপালি দলটিকে আগেই পাঠানো হয়েছিল। বিদেশি ক্লায়েন্টদের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল।
অভিযানের প্রস্তুতিতে থাকা ২২ সদস্যের দলের মধ্যে প্রথমে আটজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
‘হিমালয়ান হলিডেজ ট্রেকিং’-এর প্রতিষ্ঠাতা বিভূতি চাঁদ ঠাকুর সরকারি সংস্থা ও বেসরকারি উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধারে কাজ চালানোর চেষ্টা করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে হিমলুংয়ে কর্মরত এক শেরপা ‘হিমালয়ান হলিডেজ’-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক দেবাশিস মল্লকে ফোন করে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করেন।
ঠাকুর জানান, ওই সময় আবহাওয়া ভালোই ছিল। আটজনকে দেখতে না পাওয়ায় হেলিকপ্টার পাঠানোর জন্য ফোন করা হয়েছিল। পরে আরও একটি ফোন কল এলেও এরপর আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজদের উদ্ধারে কাঠমান্ডু ও পোখারায় বেসরকারি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।
/এসএন