ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি কৌশল নির্ধারণের জন্য ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সিএনএনের তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন ড্যান কেইন। এসব বৈঠকে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য একটি কার্যকর কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।যুদ্ধের মাত্রা আরও বাড়লে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ এই কর্মকর্তা। এ বিষয়ে নিজের উদ্বেগ তিনি সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছেও তুলে ধরেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও ট্রাম্প প্রশাসন এখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যকে সামনে রাখছে। তবে মার্কিন সামরিক নেতৃত্বের ভেতরে এমন উদ্বেগ তৈরি হয়েছে যে, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে কোনো সহজ সামরিক সমাধান নেই।অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক নীতির কারণেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।শুমারের দাবি, ট্রাম্প প্রশাসনের এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ চাকরি হারিয়েছেন।ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করে শুমার আরও প্রশ্ন তোলেন, ট্রাম্প কোন গ্রহ থেকে এসে বর্তমান মার্কিন অর্থনীতিকে ইতিহাসের সেরা অর্থনীতি হিসেবে দাবি করছেন।
সূত্র: সিএনএন
/বিএসএস