• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম


শুধু বিমান হামলায় ইরানকে নত করা সম্ভব নয়: মার্কিন সামরিক কর্মকর্তারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ১১:৩৯ এএম

ইরান যুদ্ধ তীব্র করলে যুক্তরাষ্ট্রের জন্য বিপদ বাড়বে: মার্কিন শীর্ষ জেনারেল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও তীব্র করা হলে তা যুক্তরাষ্ট্রের জন্য উল্টো বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। শুধু বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য করা সম্ভব নয় বলেও গোপন আলোচনায় মত দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সিএনএনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরান যুদ্ধ থেকে বের হওয়ার একটি কূটনৈতিক পথ খোঁজার পক্ষে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান এড়িয়ে চলতে চাইলেও শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা কঠিন। তাদের আশঙ্কা, সামরিক অভিযান আরও বাড়ানো হলে ইরান পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে পারে।

জুলাইয়ের শেষ দিকে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর একটি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছিল। তবে উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তা এবং সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই অভিযান স্থগিত করেন ট্রাম্প।

এদিকে দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রয়োজনীয় গোলাবারুদের মজুত কমে আসায় সামরিক বিকল্পগুলো সীমিত হয়ে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জেনারেল কেইনের মতে, ট্রাম্প সামরিক অভিযানের নির্দেশ দিলে মার্কিন বাহিনী ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। কিন্তু সেই হামলা কাঙ্ক্ষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবে কি না, সেটিই বড় প্রশ্ন।

এ অবস্থায় হোয়াইট হাউস এমন একটি সমাধানের পথ খুঁজছে, যাতে ট্রাম্প একদিকে বিষয়টিকে রাজনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করতে পারেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সুযোগও বজায় থাকে।

এরই অংশ হিসেবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে একটি সম্ভাব্য সমঝোতার পথও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

/এএসএফ