• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম


জাপানের মার্কিন সামরিক তৎপরতায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া, পাল্টা পদক্ষেপের হুমকি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৭:০৯ এএম

যুক্তরাষ্ট্রে নির্মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণকে কেন্দ্র করে জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

বুধবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান ধীরে ধীরে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ না থেকে আগাম হামলা চালাতে সক্ষম সামরিক শক্তিতে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।

তিনি বলেন, প্রশান্ত মহাসাগরে জাপানের এইজিস ডেস্ট্রয়ার ‘চোকাই’ থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ, অন্যান্য ক্ষেপণাস্ত্র মহড়া এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়া এমনভাবে জবাব দেবে, যাতে জাপান বুঝতে পারে যে তাদের নিজেদের নিরাপত্তাই আরও বড় ঝুঁকির মুখে পড়েছে। তার ভাষায়, “আমরা তাদের অনুতপ্ত হতে বাধ্য করব।”

তিনি আরও অভিযোগ করেন, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধজাহাজে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার দাবি, জাপানের সামরিক শক্তি বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে ওয়াশিংটন।

এদিকে, পূর্ব এশিয়ায় সামরিক তৎপরতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার এ কঠোর অবস্থান সামনে এলো। বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এএসএফ