• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম


জুলাই আন্দোলন নিয়ে কটূ/ক্তি ও হাম/লার অভি/যোগে শান্তা ফারজানাসহ ৬ জনকে আসা/মি করে মাম/লা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৩:২৭ পিএম

‘নতুন ধারা বাংলাদেশ’ সংগঠনের চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে মামলাটি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় বাবুল সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শান্তা ফারজানাসহ উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মসূচি পরিচালনা, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নতুন ধারা বাংলাদেশ’-এর নেতাকর্মীরা সমাবেশ ও মিছিল করেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমকে সক্রিয় করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সমাবেশ চলাকালে বাদী, এসটিএফের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে শান্তা ফারজানার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, এসএস পাইপ, হকিস্টিক ও চেয়ার নিয়ে হামলা চালান।

এ ঘটনায় জুলাই আন্দোলনের কর্মী মহসিন, আশরাফুল ও তাওহিদ গুরুতর আহত হয়েছেন বলে মামলায় দাবি করা হয়েছে। এছাড়া আল নূর মোহাম্মদ আয়াসকে হত্যার উদ্দেশ্যে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ‘নতুন ধারা বাংলাদেশ’-এর নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো এবং জুলাই আন্দোলন ও এর শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—শান্তা ফারজানা (৩৬), মোমেন মেহেদী (৪০), নূরজাহান নূরী (৪০), হরি সরকার (৩৬), মনিরুজ্জামান (৪৭) এবং আফতাব মন্ডল (৪০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বাদী বাবুল সরদার বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। পরে লিখিত এজাহার শাহবাগ থানায় জমা দেওয়া হয়।

/এসএন