সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া বাংলাদেশিসহ চার দেশের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহ যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে প্রায় ২০ সৌদি রিয়াল জমা দিতে হবে। এই অর্থ ওমরাহ ভিসার ফি-র সঙ্গেই যুক্ত থাকবে।
জানা গেছে, আগামী পহেলা রবিউল আউয়াল থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।
নতুন ব্যবস্থার আওতায় ওমরাহ যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাবার ব্যবস্থাপনা একটি কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ এই অ্যাপভিত্তিক সেবার সঙ্গে যুক্ত থাকবে।
ভিসা ইস্যুর সময় যাত্রীরা একটি বিশেষ কোড পাবেন। ওই কোড ব্যবহার করে নির্ধারিত রেস্তোরাঁ বা খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, ওমরাহ যাত্রীদের জন্য উন্নত মানের খাবার নিশ্চিত করা এবং খাবার সরবরাহ ব্যবস্থায় অনিয়ম ও বিশৃঙ্খলা কমাতেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।
তবে নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশ থেকে ওমরাহ পালনে যাওয়ার মোট ব্যয় কিছুটা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ট্রাভেল এজেন্সিগুলো নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে ওমরাহ প্যাকেজ পুনর্গঠনের কাজ শুরু করেছে।
সূত্র: দ্য নিউজ পাকিস্তান
/এএসএফ