দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। একই সময়ে গ্রেফতার হওয়া ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেফতার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছেন আরও ২৩ জন।শুধু আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেই নয়, তাদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও গ্রেফতার করা হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আশ্রয় দেওয়া বা পরিবহনের মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।
/বিএসএস