সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই মামলায় অপর আসামিকেও আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে ডা. মুরাদ হাসান বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। মামলায় দাবি করা হয়, ওই বক্তব্যের মাধ্যমে তাদের মানহানি হয়েছে এবং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি টকশোর উপস্থাপক, চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার বাসিন্দা মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় এবং পলাতক থাকায় এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে।
উল্লেখ্য, এর আগে সমন জারির পরও আদালতে উপস্থিত না হওয়ায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
/এএসএফ